খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর খুলনায় সাংবাদিকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে, এমইউজে খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতিসহ সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ সাংবাদিকরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রতিদিন রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত আব্দুল জলিলের দোকানের পাশে চেয়ার নিয়ে কয়েকজন সাংবাদিক কাজ শেষে আড্ডা দেন। মঙ্গলবার এমইউজে খুলনার কোষাধ্যক্ষ এসএ টিভি’র খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব ও স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ ও এমইউজে খুলনার সদস্য ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরসহ ৫-৬ জন সাংবাদিক গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলযোগে আসা দু’জন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান। তবে গুলি ছোড়ায় সাংবাদিক আওয়াল সামান্য আহত হন।
এমইউজে খুলনার কোষাধ্যক্ষ ও এসএ টিভি’র প্রতিনিধি রকিবুল ইসলাম মতি বলেন, রাতে আমরা কয়েকজন সাংবাদিক এখানে আড্ডা দিচ্ছিলাম। দু’জন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি চেয়ারে বিদ্ধ হয় এবং চেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসে। এমইউজে খুলনার সদস্য ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবির বলেন, দুর্বৃত্তের ছোড়া গুলিটি চেয়ারে বিদ্ধ হয়। এর একটি স্প্রিন্টার সাংবাদিক আওয়ালের বুকে লেগে কিছু অংশ ছিলে যায়। তিনি সুস্থ আছেন।
খুলনা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ারকৃত বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। কী কারণে এখানে গুলির ঘটনা ঘটেছেÑ তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এমইউজে খুলনার সভাপতি রাশিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য ফ্যাসিবাদ ও তার দোসররা রকিবুল ইসলাম মতি ও টুটুল সহ চার সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। এ সময় তিনি আরও বলেন, জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ।
এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা এবং সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন ও খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন।
