বেতন চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কোপালেন শিক্ষার্থীর মা

বেতন চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কোপালেন শিক্ষার্থীর মা

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেট পড়ানোর টাকা চাওয়াকে কেন্দ্র করে সিঁথি সীমিতা নামে এক শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত প্রিয়া বেগম (২৫) নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক প্রিয়া বেগম উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকার খোকন মিয়ার মেয়ে ও পানাউল্লাচারের হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী। ১৩ই জুলাই সকাল সাড়ে ৮টার দিকে শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকার লাসু মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

আহত সিঁথি সীমিতা (২৮) শিবপুর ইউনিয়নের ভূঁইয়া বাড়ির মৃত সোলায়মান মিয়ার মেয়ে ও পানাউল্লাচর এলাকার ইতালি প্রবাসী মো. মুরাদ মিয়ার স্ত্রী। আহত সিঁথি সীমিতা শিবপুর বিএমএ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। শিক্ষকতার পাশাপাশি তিনি গ্রামের বিভিন্ন শিক্ষার্থীকে গৃহশিক্ষক হিসেবে পড়ান। সোমবার সকালে প্রতিদিনের মতো প্রিয়া বেগমের মেয়ে সাফা মনি (৪)কে পড়াতে তার বাসায় যান সিঁথি সীমিতা। এ সময় ওই শিক্ষিকা প্রিয়া বেগমের কাছে প্রাইভেট পড়ানোর বকেয়া ১ হাজার ৫০০ টাকা চান। তিনি প্রাইভেট পড়ানো শেষে শিক্ষিকা তার বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর ফেলে আসা ছাতা আনতে আবারো প্রিয়া বেগমের বাসায় যান। তখন ক্ষুব্ধ ওই নারী দা নিয়ে শিক্ষিকার ওপর হামলা করে। আহত শিক্ষিকার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত প্রিয়া বেগমকে আটক করে ৯৯৯ নম্বরে কল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত প্রিয়াকে পুলিশের হাতে সোপর্দ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন