হাড্ডাহাড্ডি লড়াই, অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর শেষ মুহূর্তের রোমাঞ্চ-উয়েফা চ্যাম্পিয়নস লীগের প্লে-অফ রাউন্ডে সবই দেখলো ফুটবল বিশ্ব। দুই লেগের প্লে-অফ শেষে ইউরোপের সেরা ১৬ দলের সংক্ষিপ্ত তালিকা এখন পূর্ণ। গত দুই দিনের ফিরতি লেগের লড়াই শেষে রিয়াল মাদ্রিদ, পিএসজি এবং নিউক্যাসল ইউনাইটেডের মতো ফেবারিটরা পরের রাউন্ডে উঠলেও, আসর থেকে ছিটকে গেছে জুভেন্টাস, ইন্টার মিলান ও বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার লড়াইটি ছিল আক্ষরিক অর্থেই নাটকীয়। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকা রিয়াল ঘরের মাঠেও বেনফিকাকে ২-১ গোলে হারায়। দুই লেগ মিলিয়ে ৩-১ অ্যাগ্রিগেটে শেষ ষোলো নিশ্চিত করে রেকর্ড শিরোপাধারীরা। পর্তুগিজ ক্লাব বেনফিকা এদিন মাঠে নামে কোচ হোসে মরিনিয়োকে ছাড়া। বর্ণবাদের দায়ে নিষিদ্ধ ছিলেন ফুটবলার প্রেস্তিয়ান্নিও। শেষ পর্যন্ত লস ব্লাঙ্কোসদের অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছে তাদের।
মোনাকোর বিপক্ষে পিএসজির লড়াই জমে উঠেছিল শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত। ফিরতি লেগে স্টপেজ টাইমের গোলে ২-২ সমতায় ম্যাচ শেষ হলেও, প্রথম লেগের সুবিধায় ৫-৪ অ্যাগ্রিগেটে উৎরে গেছে প্যারিসের ক্লাবটি। ফরাসি ডার্বিতে মোনাকো বুক চিতিয়ে লড়লেও শেষ রক্ষা হয়নি।
প্লে-অফের সবচেয়ে বড় রোমাঞ্চ ছড়িয়েছে জুভেন্টাস ও গালাতাসারের ম্যাচটি। প্রথম লেগে ৫-২ গোলে পিছিয়ে থাকা জুভেন্তাস কাল ঘরের মাঠে অবিশ্বাস্য ফুটবল খেলে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যায়। ৩-২ গোলে এগিয়ে থেকে খেলা শেষ করলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ অ্যাগ্রিগেটে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয় ইতালিয়ান জায়ান্টদের। অতিরিক্ত সময়ের ১০৫ ও ১১৯ মিনিটে গোল করে জুভেন্তাসের আশাভঙ্গ করে দেয় তুর্কি ক্লাব গালাতাসারে।
প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ২-০ গোলে হেরে খাদের কিনারায় ছিল আটালান্টা। তবে ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল জয়ে ৪-৩ অ্যাগ্রিগেটে শেষ ষোলোর টিকিট ছিনিয়ে নিয়েছে তারা। ইতালির একমাত্র ক্লাব হিসেবে টুর্নামেন্টে টিকে আছে এখন কেবল আটালান্টাই।
এবারের আসরের সবচেয়ে বড় চমক দেখালো নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। অভিষেক আসরেই তারা প্লে-অফ বাধা পেরিয়ে জায়গা করে নিয়েছে শেষ ষোলোর অভিজাত তালিকায়। তাদের পাশাপাশি বায়ার লেভারকুসেন, নিউক্যাসল ইউনাইটেড এবং অ্যাতলেটিকো মাদ্রিদও নকআউট পর্ব নিশ্চিত করেছে।
পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থেকে আগেই সরাসরি শেষ ষোলো নিশ্চিত করে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। প্লে-অফ থেকে আসা ৮টি দলকে নিয়ে এখন নকআউট পর্বের ১৬টি স্লটই পূর্ণ।
চ্যাম্পিয়নস লীগের পরবর্তী ধাপের ভাগ্য নির্ধারণী ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল।
চ্যাম্পিয়নস লীগ
জুভেন্টাস-ডর্টমুন্ডের বিদায়, শেষ ষোলোয় রিয়াল-পিএসজি
স্পোর্টস ডেস্ক
খেলা
৩ মাস আগে
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ৪৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
