চিত্রনাট্য হাতে পাওয়ার পর সংলাপের সংখ্যা নয়, চরিত্রের গভীরতা ও মনস্তাত্ত্বিক যাত্রাকেই বেশি গুরুত্ব দেন দেশের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। শুক্রবার দেশব্যাপী মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘মাস্তুল’। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। প্রদর্শনী শেষে আলাপকালে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’ সিনেমায় পাচক মকবুল চরিত্রে অভিনয় করেছেন বাবু। পুরো সিনেমায় তার কোনো সংলাপ নেই। তবু শরীরী ভাষা, দৃষ্টির অভিব্যক্তি ও অভিনয়ের সূক্ষ্মতায় চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন তিনি।
বাবু বলেন, আমাদের এখানে অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা স্ক্রিপ্ট হাতে পেয়েই আগে দেখেন কয়টি সংলাপ আছে। কিন্তু আমরা যারা থিয়েটার থেকে এসেছি, তারা এভাবে ভাবিনি। অভিনয় শুধু সংলাপ নয়, এটি অ্যাকশন ও রিঅ্যাকশন। চরিত্রের যাত্রাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে অনুরোধ করবো পরিবার নিয়ে ‘মাস্তুল’ দেখতে আসুন। বাবুর পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেনÑ দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যা প্রমুখ।
