গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১ হাজার ৯২ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে গত একদিনে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭২ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯২০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৪ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৩ হাজার ৯০৭ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৬ হাজার ৮৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৩ হাজার ২৬০ শিশু ছাড়পত্র পেয়েছে।
