শিক্ষাভবনের সামনে পরীক্ষার্থীদের অবস্থান, ব্যারিকেড দিয়ে আটকাল পুলিশ

শিক্ষাভবনের সামনে পরীক্ষার্থীদের অবস্থান, ব্যারিকেড দিয়ে আটকাল পুলিশ

ফন্ট সাইজ:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া এবং শিক্ষার্থীদের নিয়ে ‘আপত্তিকর’ সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার পরীক্ষা শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেন। শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে যাওয়ার পর সেখানে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

এদিকে শিক্ষার্থীদের সচিবালয়মুখী কর্মসূচির খবর পেয়ে আগে থেকেই শিক্ষাভবন মোড়ে অবস্থান নেয় পুলিশ। সেখানে ব্যারিকেডে শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও একটি জলকামান মোতায়েন রাখা হয়।

বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা শিক্ষাভবন মোড়ে পৌঁছে ব্যারিকেডের সামনে অবস্থান নেন। তবে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেননি বা কোনো ধরনের সংঘর্ষে জড়াননি।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, চলমান বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। তাই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ এবং এ পরিস্থিতির দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন