সাগরে লঘুচাপ: দেশের ৪ বন্দরে সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ: দেশের ৪ বন্দরে সতর্ক সংকেত

ফন্ট সাইজ:

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার জন্য বুধবার চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুকের স্বাক্ষর করা এক সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘লঘুচাপের প্রভাবে সাগর একটু উত্তাল হতে পারে। এই লঘুচাপ নিম্নচাপ হবে না। এটি বড়জোর সুস্পষ্ট লঘুচাপ হতে পারে।’

এর প্রভাবে আগামী শুক্র ও শনিবার বৃষ্টি বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন