ঢাকার কদমতলীর ইস্পাহানি ঘাট এলাকায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন এবং যৌন সচেতনতা বিষয়ক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)-র উদ্যোগে এই সেশনের আয়োজন করা হয়।
আজ বিকেলে আয়োজিত এই সচেতনতামূলক সেশনে ৪০ জন সুবিধাবঞ্চিত ও পথশিশু অংশ নেয়। এছাড়া সংস্থার কারিগরি প্রশিক্ষক, সাইকোসোস্যাল কাউন্সিলর ও সোশ্যাল মবিলাইজাররা সেশনটি পরিচালনা ও সহযোগিতায় উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, পরিবার ও সামাজিক নির্দেশনার বাইরে থাকায় পথশিশুরা প্রায়ই প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন ও যৌন সহিংসতা সম্পর্কে নানা কুসংস্কার ও ঝুঁকির মুখোমুখি হয়। তাদের সঠিক বৈজ্ঞানিক তথ্য জানাতে এবং আত্মরক্ষার কৌশল শেখাতেই এই উদ্যোগ। সেশনে বয়সোপযোগী ও অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে নিরাপদ ও অনিরাপদ স্পর্শের পার্থক্য, ব্যক্তিগত নিরাপত্তা এবং নিজেদের অধিকার সম্পর্কে শিশুদের সচেতন করা হয়। সংস্থার সাইকোসোস্যাল কাউন্সিলর ও প্রশিক্ষকদের পরিচালনায় সেশনটি শেষে শিশুদের মাঝে রিফ্রেশমেন্ট বিতরণ করা হয়।
লিডোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারহানা আক্তার জানান, প্রজনন স্বাস্থ্য ও যৌন শিক্ষার মতো সংবেদনশীল বিষয়ে শুরুতে শিশুদের মাঝে কিছুটা লজ্জা, সংকোচ এবং মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জ থাকলেও সেশন শেষে তাদের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। অংশগ্রহণকারী শিশুরা যেকোনো ধরনের নির্যাতন বা হয়রানির শিকার হলে তা গোপন না করে বিশ্বস্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর ব্যাপারে সচেতনতা ব্যক্ত করেছে।
পথশিশুদের এই সচেতনতা ভবিষ্যতে তাদের যেকোনো ধরনের যৌন সহিংসতা ও ঝুঁকি থেকে রক্ষা পেতে এবং ইতিবাচক আচরণগত পরিবর্তন আনতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সুবিধাবঞ্চিত শিশুদের প্রজনন স্বাস্থ্য ও যৌন সচেতনতায় লিডোর বিশেষ সেশন
মানবজমিন ডিজিটাল
বিবিধ
১ ঘন্টা আগে
১৪ জুলাই (মঙ্গলবার), ২০২৬, ৯ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
