ইরানকে কড়া বার্তা ভারতের

ইরানকে কড়া বার্তা ভারতের

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালিতে ইরানি হামলায় ভারতীয় এক নাবিক নিহতের ঘটনায় তেহরানকে কড়া বার্তা জানিয়েছে দিল্লি সরকার। সোমবার হরমুজে ইরানি বাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুইটি জাহাজে হামলা চালায়। এতে একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও আটজন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনই ভারতীয়। এই ঘটনার পরেই দিল্লিতে নিযুক্ত ইরানের ডেপুটি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোহাম্মদ জাভেদ হোসেইনিকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। তবে ইরানি দূতকে ডেকে ঠিক কী বলা হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

এক বিবৃতিতে ভারতের মন্ত্রণালয় বলেছে, নাবিকদের লক্ষ্য করে চালানো এই হামলা এবং সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই, এসব হামলা হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌচলাচল ব্যাহত করছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চলে হামলা পুনরায় শুরু হওয়া এবং সংঘাত বৃদ্ধি পাওয়ায় ভারত সরকার গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে।

এর আগে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হরমুজতে আরব আমিরাতের দুটি জাতীয় তেলবাহী ট্যাংকারে ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ওমানের আঞ্চলিক জলসীমায় হরমুজ প্রণালির দক্ষিণ দিকের নৌপথ দিয়ে যাওয়ার সময় মোমবাসা ও আল বাহিয়াহ নামের দুটি ট্যাংকারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
এক বিবৃতিতে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করেছে। সর্বশেষ এই হামলার কড়া নিন্দা জানালো ভারত।


শেখ ফরিদ

২ ঘন্টা আগে

উভয়ই পতাকা বৈঠক করে সমাধান করুন। ঝগড়া ও বোমা হামলা ভাল নয়!!! উভয়েরই ক্ষতি!!!

মন্তব্য করুন