শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব মোড় ও উত্তরায় অবরোধ, ৩ দফা দাবি
ছবি: আবু সুফিয়ান জুয়েল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব মোড় ও উত্তরায় অবরোধ, ৩ দফা দাবি

ফন্ট সাইজ:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও উত্তরায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার পর এ অবরোধ করেন তারা। একইসঙ্গে তিন দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। 

ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’, ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’—এমন বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলছেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়ার কারণে আমাদের অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। আবার অনেকে পরীক্ষার হলে যাওয়ার সময় রাস্তায় পড়ে গেছে।’

‘অনেকের অ্যাডমিট কার্ড ভিজে নষ্ট হয়ে গেছে। এসবের দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?’ বলেন তারা।

অন্যদিকে শিক্ষার্থীরা উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন। পড়ে সড়ক অবরোধ করেন তারা। এতে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়।

দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেয়াসহ তিন দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।


‎‎তাদের দাবিগুলো হচ্ছে—

১.দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে।
‎২.বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
৩.আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন