এইচএসসি-সমমান পরীক্ষা নিয়ে যা জানালো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি-সমমান পরীক্ষা নিয়ে যা জানালো আন্তঃশিক্ষা বোর্ড

ফন্ট সাইজ:

বিরূপ আবহাওয়ার মধ্যেও চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার পরীক্ষা আগামী ১৬ই জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।

সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে না পারার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে ওই বোর্ডের পরীক্ষা ১৬ই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্র কার্যক্রম পরিচালনার উপযোগী রয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষা গ্রহণের পরিবেশ রয়েছে বলে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই অন্যান্য বোর্ডে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেয়া হচ্ছে।

সমন্বয় কমিটি জানায়, সোমবার সকালে বিরূপ আবহাওয়ার কারণে কয়েকটি কেন্দ্রে, বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে সাময়িক ভোগান্তি হলেও স্থানীয় প্রশাসন, কেন্দ্র কর্তৃপক্ষ ও অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থীর প্রস্তুতি, ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডারের বিষয়টি বিবেচনায় নিয়ে বারবার পরীক্ষা স্থগিত করা বাস্তবসম্মত নয়। একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় একটি বোর্ডের পরিস্থিতির কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখাও সম্ভব নয়।

তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়েছে।

শিক্ষা বোর্ড শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে রওনা হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন