নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ট্রাকচাপায় নিহত দুই যুবদল নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। নিহত দুই পরিবারের হাতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান এবং পরিবারের দুই সদস্যকে সিটি করপোরেশনে চাকরি দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নাসিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহতদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় নিহত মাসুম বিল্লাহর বাবা বাদশা মিয়াকে নাসিকের আইন শাখায় অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া অপর নিহত আব্দুল কাদির জিলানীর স্ত্রী সোহানাকে নাসিকের স্বাস্থ্য বিভাগে নিয়োগপত্র প্রদান করা হয়।
চেক প্রদান শেষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হলো অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালন করা। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের জন্য শুধু আর্থিক সহায়তাই নয়, তাদের ভবিষ্যৎ জীবিকা নিশ্চিত করতে চাকরির ব্যবস্থাও করা হয়েছে।
তিনি বলেন, একজন উপার্জনক্ষম মানুষ হারিয়ে গেলে একটি পরিবার চরম অনিশ্চয়তায় পড়ে যায়। তাই এককালীন অনুদানের পাশাপাশি পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। তিনি আরও বলেন, নাসিক ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।
এ সময় নিহতদের স্বজনরা এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি চাকরির সুযোগ তাদের নতুন করে বেঁচে থাকার সাহস জুগিয়েছে। তিনি বলেন, নিহতারা বিভিন্ন সময় বিগত স্বৈরাচার সরকারের আমলে আমার সাথে কারাগারে জেল খেটেছেন, তারা নির্যাতিত ও ত্যাগী কর্মী ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান পরিবার দুটিকে আর্থিক অনুদান ও চাকুরীর ব্যবস্থা করে ভবিষ্যৎ উপার্জনের একটি স্থায়ী পথ খুলে দিয়েছেন। নিহত দুই জনই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এই আর্থিক অনুদান ও চাকুরি তাদের পরিবারের ভরণপোষণ ও জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রসঙ্গত, গত ৯ জুন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ (২৭) ও ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) নিহত হন। ওই দুর্ঘটনার পর জেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় নাসিক প্রশাসন দুই পরিবারের জন্য আর্থিক অনুদান ও চাকরির ব্যবস্থা করে তাদের পাশে দাঁড়িয়েছে।
