ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘অ্যাডউইজ ২.০’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘অ্যাডউইজ ২.০’

ফন্ট সাইজ:


বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং–বিষয়ক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘অ্যাডউইজ ২.০’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (বিজ বি) আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে ৭৫০ জনেরও বেশি প্রতিযোগী নিবন্ধন করেছেন।

গত ১০ জুলাই রাত ১০টায় নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর শুরু হয় প্রতিযোগিতার প্রথম রাউন্ড। নিবন্ধিত দলগুলোর কাছে ইতোমধ্যে কেস স্টাডি পাঠানো হয়েছে। ওই কেসের ভিত্তিতে অংশগ্রহণকারীদের একটি ৬০ সেকেন্ডের অনলাইন ভিডিও কমার্শিয়াল (ওভিসি/রিল) তৈরি করতে হবে। পাশাপাশি প্রচারণা কৌশল ব্যাখ্যা করে একটি এক্সিকিউশন প্ল্যান প্রস্তুত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফেসবুক রিলের লিংক এবং এক্সিকিউশন প্ল্যান অফিসিয়াল সাবমিশন ফর্মের মাধ্যমে জমা দিতে হবে।

প্রতিযোগীদের প্রস্তুতিতে সহায়তা করতে শনিবার (১২ জুলাই) ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় প্রথম কর্মশালা। এতে বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং শিল্পের শীর্ষ পেশাজীবীদের একজন, প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদ অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। কর্মশালায় তিনি কেস বিশ্লেষণ, সৃজনশীল ধারণা তৈরি, কার্যকর ক্যাম্পেইন পরিকল্পনা এবং বাস্তবভিত্তিক বিজ্ঞাপন কৌশল নিয়ে আলোচনা করেন। বিভিন্ন ব্রেইনস্টর্মিং সেশন ও কুইজের মাধ্যমে অংশগ্রহণকারীদের ধারণা মূল্যায়ন করে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

কর্মশালায় অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিম বলেন, এ ধরনের আয়োজন আমার জন্য নতুন অভিজ্ঞতা। দেশের ব্র্যান্ডিং ও মার্কেটিং খাতের শীর্ষ পেশাজীবীদের কাছ থেকে সরাসরি প্রতিযোগিতার কাঠামো ও কৌশল সম্পর্কে জানার সুযোগ আমাদের আরও ভালোভাবে প্রস্তুতি নিতে সহায়তা করবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ বলেন, ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে নিজেদের প্রতিভা দেখানোর জন্য এটি একটি দারুণ প্ল্যাটফর্ম। প্রতিযোগিতায় অবশ্যই কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে।

বিজ বি’র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ কানিজ ফাতেমা তানহা বলেন, প্রত্যাশার চেয়েও বেশি সংখ্যক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তার ভাষ্য, এটি শুধু বিজ্ঞাপন তৈরির প্রতিযোগিতা নয়; বিজ্ঞাপন পরিকল্পনা, কৌশল নির্ধারণ, বাস্তবায়ন- সব ধাপ নিয়েই প্রতিযোগীদের কাজ করতে হবে।

কর্মশালা শেষে নাবিলা খালিদ গণমাধ্যমকে বলেন, বিজ বি’র এমন উদ্যোগ আন্তর্জাতিক মানের। দেশের শিক্ষার্থীদের ব্র্যান্ডিং ও মার্কেটিং খাতে দক্ষ করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

আয়োজকরা জানান, প্রথম রাউন্ডের মূল্যায়ন শেষে সেরা ২০টি দল দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবে। আগামী ৭ আগস্ট ‘ফেস দ্য মায়েস্ত্রোস’ শিরোনামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ পর্ব। এতে নির্বাচিত দলগুলোকে নতুন একটি ব্যবসায়িক কেসের সমাধান উপস্থাপন করতে হবে। একই সঙ্গে প্রথম রাউন্ডে তৈরি করা ভিডিও কমার্শিয়ালগুলো বিজ বি’র অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে, যেখানে দর্শকদের সম্পৃক্ততাও মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

২০১৭ সালে ‘বার্জার অ্যাডউইজ’ নামে যাত্রা শুরু হয়েছিল প্রতিযোগিতাটির। প্রথম আসরে দেশের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ের ৯৫টির বেশি দল অংশ নেয়। দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে দ্বিতীয়বারের মতো ফিরেছে এ আয়োজন।

এবারের প্রতিযোগিতায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকার পুরস্কার রাখা হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা, প্রথম রানার-আপ ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানার-আপ পাবে ৫০ হাজার টাকা।

আয়োজকদের ভাষ্য, ‘অ্যাডউইজ ২.০’ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি ভবিষ্যতের বিজ্ঞাপন, ব্র্যান্ডিং ও মার্কেটিং পেশাজীবীদের বাস্তব শিল্প–অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, কৌশলগত পরিকল্পনা এবং বাস্তব সমস্যার সমাধান তৈরির দক্ষতা বিকাশেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন