জলাবদ্ধতা নিরসনে মাঠে দুই ঢাকার সিটির প্রশাসক

জলাবদ্ধতা নিরসনে মাঠে দুই ঢাকার সিটির প্রশাসক

ফন্ট সাইজ:

টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকা। রোববার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৮২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র জলাবদ্ধতার মুখে সকাল থেকেই ঢাকার দুই সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিম কাজ করলেও নিয়ন্ত্রণে আসেনি জলাবদ্ধতা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান ও দক্ষিন সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম মাঠে নেমে তদারকি করছেন জলাবদ্ধতা নিরসন কার্যক্রম।

গুলশান ,বনানী ,মহাখালী ,প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে, জাতীয় সংসদ ভবন এলাকা, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার রাস্তার দু’পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান । দুপুরে প্রথমে গুলশান, পরে বনানী, মহাখালী, জাতীয় সংসদ ভবন এলাকা, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় যান প্রশাসক। ওইসব এলাকায় জমে থাকা পানির দ্রত অপসারণসহ ভবিষ্যতে যাতে পানি জমে না থাকে সেজন্য সিটি কর্পোরেশন কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন তিনি।

ঢাকা দক্ষিন সিটি করপোরেশন(ডিএসসিসি) জানিয়েছে, টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজট নিরসনে ভোর থেকে মাঠে ডিএসসিসি। নিজে দাঁড়িয়ে থেকে সড়ক সচল করেছেন প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম। দুপুর সাড়ে ১২টার দিকে নীলক্ষেতসংলগ্ন ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে গেলে ডিএসসিসি প্রশাসক তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। দুপুর ১টার দিকে সড়ক থেকে গাছটি সম্পূর্ণ অপসারণ করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন