ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন

ফন্ট সাইজ:

উৎসব, স্মৃতিচারণ আর প্রাণবন্ত মিলনমেলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) বিভাগ উদযাপন করেছে প্রতিষ্ঠার দুই দশক। এ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘আমাদের বছর কুড়ি’ শীর্ষক বিশেষ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘বিশের বাঁশীতে সুদিন আসবে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেএমসি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য পুনর্মিলনীতে অংশ নেন বিভাগের প্রায় তিন শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, গণমাধ্যমকর্মী, করপোরেট কমিউনিকেশন ও জনসংযোগ খাতের পেশাজীবীরা। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, পুরোনো দিনের স্মৃতিচারণ এবং নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের প্রাণবন্ত আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ড. গোলাম রহমান। তিনি বলেন, ‘একটি অ্যাকাডেমিক বিভাগের প্রকৃত সাফল্য নির্ভর করে তার শিক্ষার্থীদের অর্জনের ওপর। গত ২০ বছরে জেএমসি শুধু দক্ষ সাংবাদিক বা গণমাধ্যমকর্মীই তৈরি করেনি, বরং সমাজ ও রাষ্ট্রের জন্য দায়িত্বশীল নেতৃত্বও গড়ে তুলেছে।’

প্রধান অতিথির বক্তব্যে ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ‘সাফল্যের কোনো নির্দিষ্ট ছক নেই। আমাদের সাবেক শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করছেন, যা বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। অ্যালুমনাইদের মধ্যে আরও কার্যকর যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আমরা “Alumni 360” নামে একটি আধুনিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম চালু করছি, যা পুরো ডিআইইউ পরিবারকে আরও দৃঢ়ভাবে সংযুক্ত করবে।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পুনর্মিলনীর আহ্বায়ক ড. আব্দুল কাবিল খান, জেএমসি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকিব মৃধা, বিভাগের বর্তমান প্রধান ড. আফতাব হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

স্মৃতিচারণ পর্বে বিভাগের সাবেক শিক্ষার্থী ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র নিউজরুম এডিটর শারমিন আজাদ শান্তা বলেন, ‘এই ২০ বছর আমাদের কাছে শুধু সময়ের হিসাব নয়; এটি অসংখ্য স্বপ্ন, সংগ্রাম ও স্মৃতির এক অনন্য কোলাজ। ধানমন্ডির ছোট্ট ক্যাম্পাস থেকে আশুলিয়ার এই বিশাল সবুজ প্রাঙ্গণে বিভাগের পথচলার সাক্ষী আমরা। পুরোনো বন্ধুদের সঙ্গে আবার দেখা হওয়া এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচিত হওয়ার এই মুহূর্তগুলো সত্যিই স্মরণীয়।’

দুই দশকের এই মাইলফলককে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানে কেক কাটা হয়। পাশাপাশি দিনব্যাপী আয়োজনে ছিল নেটওয়ার্কিং সেশন, ওপেন মাইক, স্মৃতিচারণ, আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিভাগের প্রধান ড. আফতাব হোসেন বলেন, ‘অল্প কয়েকজন শিক্ষার্থী নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজ ২০ বছরে আমাদের অ্যালুমনাই পরিবারের সদস্যসংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আগামী দিনে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা মিডিয়া স্কুল হিসেবে জেএমসি-কে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।’

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার এক বছর পর, ২০০৬ সালে বিভাগের প্রথম ব্যাচের কার্যক্রম শুরু হয়। সময়ের চাহিদা ও বৈশ্বিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘সাংবাদিকতা ও গণযোগাযোগ’ বিভাগের নাম পরিবর্তন করে বর্তমানে ‘জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন’ রাখা হয়েছে। গত দুই দশকে বিভাগটি দেশের মূলধারার সাংবাদিকতা, টেলিভিশন, করপোরেট কমিউনিকেশন, জনসংযোগ, ডিজিটাল মিডিয়া এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির জন্য অসংখ্য দক্ষ পেশাজীবী তৈরি করে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন