১১ বছরের শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, গ্রেপ্তার ১

১১ বছরের শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে মুখ চেপে ও গলায় কাঁচি ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণের সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেছে তার অপর এক সহযোগী। এ ঘটনায় সুফাইল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের মহিম উদ্দিনের ছেলে মো. সুফাইল মিয়া (২০) এবং একই গ্রামের নুরুল হকের ছেলে সায়েক মিয়া (২০)।

জানা যায়, গত ১০ জুন সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি তাদের বাড়ির পেছনের পুকুরে নিজেদের হাঁস খুঁজতে যায়। এ সময় সেখানে ওঁত পেতে থাকা সুফাইল মিয়া পেছন থেকে শিশুটির মুখ চেপে ধরে এবং গলায় কাঁচি ঠেকিয়ে চিৎকার না করতে প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে সুফাইল মিয়া শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। আর তার সহযোগী সায়েক মিয়া নিজের মোবাইল ফোনে ধর্ষণের পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে। ঘটনার পর আসামিরা বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে শিশুটি তার পরিবারকে এ ঘটনাটি জানায়।

শাল্লা থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, ঘটনাটি জানার পর পর শিশুকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং প্রধান আসামি সুফাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরেক অভিযুক্ত সায়েক মিয়াকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন