সাবেক স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রোববার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, প্রধান বিচারপতির নির্দেশে আপিল বিভাগের কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম দুপুর ১টা পর্যন্ত চলবে। এদিন চেম্বার জজ আদালত বসবে না।
রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন।
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় জন্মগ্রহণ করা জমির উদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর এবং এলএলবি সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করে দেশে ফিরে সুপ্রিম কোর্টে আইন পেশায় কাজ করেন।
তিনি বিএনপির প্রতিষ্ঠালগ্নের অন্যতম নেতা ও দীর্ঘদিন দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার এবং ২০০২ সালে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন।
