ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ফন্ট সাইজ:

রাজধানীর দুই সিটি করপোরেশনের সংগ্রহিত বর্জ্য থেকে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় তা নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ সভা কক্ষে এই বৈঠক হয়েছে বলে তথ্য দিয়েছেন তার উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমিনবাজার এবং মাতুয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদন করার প্রকল্প নিয়ে বৈঠক করেছেন। প্রকল্প দু’টি দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার, বিদ্যুৎ এবং পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়সীমার মধ্যে দু’টি প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে বলেছেন।

আমিনবাজারে বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে চীনের সিএমইসি গ্রুপ এবং মাতুয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প কোরিয়ার বি এন্ড এফ কোম্পানি বাস্তবায়ন করবে। আমিন বাজারের প্রকল্পে প্রতিদিন ঢাকা শহরের প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলে বৈঠকে জানানো হয়।
২০২৮ সালের আগস্টের মধ্যে প্রকল্পটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলে আশা করছে। এ প্রকল্পের মাধ্যমে আগামী ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

মাতুয়াইলের প্রকল্পে বছরে বর্জ্য থেকে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদিত হবে, যা থেকে বছরে মোট প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা হবে। এটি দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য। এ প্রকল্প থেকে সৌরবিদ্যুৎ, সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদন করা হবে।

বৈঠকে প্রকল্প দু’টির বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন