মায়ামির উত্তাপ যেন গায়ে মেখেই খেললেন জুড বেলিংহাম। ৯০ মিনিটে যা হয়নি, অতিরিক্ত সময়ে সেটাই করে দেখালেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলো ইংল্যান্ড। আর তাতে জোড়া গোল করে নায়ক বনে গেলেন বেলিংহামই।
মায়ামি স্টেডিয়ামে নরওয়ে ও ইংল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনালের লড়াই নির্ধারিত সময়ে শেষ হয় ১-১ সমতায়। ৩৬ মিনিটে দারুণ এক শটে নরওয়েকে এগিয়ে দেন আন্দ্রেয়াস শিয়েলদেরুপ। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরান বেলিংহাম। গোলটির আগমুহূর্তে অবশ্য এক নাটকীয় মুহূর্তের জন্ম হয়। নরওয়ের গোলকিক থেকে বল একটি ক্যামেরা তারের সঙ্গে স্পর্শ করে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনের পায়ে পড়েছিল বলে মনে হচ্ছিলো। যদিও রেফারি তা খেয়াল করেননি।
দ্বিতীয়ার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। দু'দলই সুযোগ তৈরি করেছে। ৫৬ মিনিটে কর্নার থেকে টরব্যর্ন হেগেমের গোলে এগিয়ে যাওয়ার আনন্দ মাটি হয় নরওয়ের। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, কর্নারের আগে বক্সের মধ্যে অ্যান্ডারসনকে ফাউল করেছিলেন আর্লিং হালান্দ। ফলে গোল বাতিল হয়। ৭৬ মিনিটে আরেকটি কর্নার থেকে ক্রিস্টোফার আয়ারের শট ক্রসবারে লেগে ফেরে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য গড়ে দেন বেলিংহাম। মরগান রজার্সের দূরপাল্লার শট ঠেকাতে গিয়ে বল ফিরিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিলান্দ। আর ফিরতি বলে ঠান্ডা মাথায় জালে পাঠান বেলিংহাম। টুর্নামেন্টে এটি তার ষষ্ঠ গোল, আর টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোলের কীর্তি। শেষ পনেরো মিনিটে হালান্দকে তুলে ইয়র্গেন স্ট্রান্ড লারসেনকে নামান নরওয়ের কোচ। কিন্তু সমতায় ফেরার মতো কোনো সুযোগ আর তৈরি করতে পারেনি ভাইকিংসরা।
১৯৬৬ সালে একমাত্র বিশ্বকাপ জেতা ইংল্যান্ড এর আগে সবশেষ সেমিফাইনাল খেলেছিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। আট বছরের অপেক্ষা শেষে আরও একবার শেষ চারে জায়গা করে নিল থ্রি লায়ন্সরা। দেশটির ইতিহাসে এ নিয়ে মাত্র চতুর্থবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল তারা। অন্যদিকে নরওয়ের জন্য আক্ষেপের রাত। দেশটির ফুটবল ইতিহাসে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল পেরোনোর স্বপ্ন এবারও অধরাই থেকে গেল।
চলতি বিশ্বকাপে ছয় গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগুলেন বেলিংহাম। যদিও আটটি করে গোল নিয়ে তার ওপরে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। সাত গোল নিয়ে তাদের পরেই আছেন হালান্দ। ম্যাচের পরিসংখ্যানও বলছে, বল দখলে (৫৭ শতাংশ) এগিয়ে থেকেও সুযোগ তৈরিতে নরওয়ের চেয়ে পিছিয়ে ছিল ইংল্যান্ড। নরওয়ের ৯টি শটের ৫টিই ছিল লক্ষ্যে, বিপরীতে ইংল্যান্ডের ৭ শটের মাত্র ২টি ছিল টার্গেটে। তবু শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিলেন একজনই—জুড বেলিংহাম।
আগামী ১৫ই জুলাই আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নির্ধারিত হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের ফলাফলে।
বেলিংহাম ঝড়ে স্বপ্নভঙ্গ নরওয়ের
৮ বছর পর সেমিফাইনালে ইংল্যান্ড
হাছিবুল বাসার
খেলা
৪ ঘন্টা আগে
১২ জুলাই (রবিবার), ২০২৬, ৬ঃ০৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
