ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকা উল্টে গিয়ে অন্তত ১৫ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। নিখোঁজদের সন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ভারতীয় মিশন কন্ট্রোল রুম স্থাপন করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন, যার মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, ৩ জন ক্রু এবং ১ জন পরিচারক ছিলেন। হোন মে রুত ডং আই দ্বীপ থেকে আন থোই বন্দরের দিকে যাওয়ার সময় উত্তাল সমুদ্র ও তীব্র বাতাসের কারণে নৌকাটি উল্টে যায়। এতে সব যাত্রী ও ক্রু পানিতে পড়ে যান।
সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে বেশ কয়েকজন ভারতীয় পর্যটকবাহী একটি নৌকাডুবির দুঃখজনক ঘটনা ঘটেছে। ভারতীয় রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা কনস্যুলার সহায়তা পর্যবেক্ষণ করতে এবং ভিয়েতনামী কর্তৃপক্ষের সাথে সমন্বয় করতে ফু কোক দ্বীপের দিকে রওনা হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী উদ্ধার অভিযান জোরদার করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভিয়েতনাম কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।
