যাদুকাটা নদীতে পর্যটকবাহী হাউজবোট ‘মাছরাঙা’য় আগুন

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়া হাওরগামী পর্যটকবাহী হাউজবোট ‘মাছরাঙা’য় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে আনোয়ারপুর ব্রিজ সংলগ্ন যাদুকাটা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হাউজবোটে কোনো পর্যটক না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। টাঙ্গুয়া হাওরের পর্যটকবাহী নৌ সমিতির সভাপতি রব্বানী জানান, সকালে ‘মাছরাঙা’সহ আরও একটি হাউজবোট নদীর তীরে রেখে মেরামতের কাজ চলছিল। নৌকায় তখন শুধু মিস্ত্রি ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। হঠাৎ হাউজবোটের পেছন দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই হাউজবোটের ভেতরের অধিকাংশ সরঞ্জাম পুড়ে যায়। তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ‘মাছরাঙা’ নামের একটি হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন