কে হতে যাচ্ছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক

ফন্ট সাইজ:

কে হতে যাচ্ছেন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)-এর নতুন প্রশাসক। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে। আশা করা যায়, খুব দ্রুতই নতুন প্রশাসক পাবে ময়মনসিংহ সিটি করপোরেশন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সিটি করপোরেশনের ভেতরে-বাইরে তোলপাড় শুরু হয়েছে। লবিং-তদ্বিরে ব্যস্ত সময় পার করছেন ‘মসিকের প্রশাসক’ হতে ইচ্ছুক প্রায় হাফডজন বিএনপি নেতা। মঙ্গলবার বিকালে সরকার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এদিকে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক নিয়োগের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ময়মনসিংহ নগরীর বাসিন্দারা।
জানা গেছে, ইতিমধ্যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে মসিকের প্রশাসক নিয়োগের তালিকায় একাধিক রাজনৈতিক ব্যক্তির নামে প্রস্তাব হয়েছে। এ নিয়ে সার্বিক বিবেচনা চলছে। কিন্তু এ তালিকায় কে বা কারা আলোচনায় আছেন, তা বলা যাবে না। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকেই আসবে। এর আগে সোমবার দেশের ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের পর মসিকে প্রশাসক নিয়োগের বিষয়টি আলোচনায় ওঠে আসে। এরপরই প্রশাসক নিয়োগ পেতে ইচ্ছুক নবীন-প্রবীণ প্রায় হাফডজন নেতার নাম উঠে আসে সাধারণ মানুষের আলোচনায়।
তারা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কাশেম, মহানগর বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ আরও অনেকেই। এ ব্যাপারে জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন বলেন, শুনেছি সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা আছে। তবে কে হচ্ছেন প্রশাসক, এ ধরনের কোনো তথ্য জানা যাইনি।
এদিকে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক নিয়োগের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ময়মনসিংহ নগরীর বাসিন্দারা। তারা বলেন- সরকারি কর্মকর্তা নিয়ে সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালনের কারণে ব্যাহত হচ্ছে নাগরিকসেবা। সেইসঙ্গে সেবাপ্রাপ্তির ক্ষেত্রেও বাড়ছে জটিলতা। এক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের স্বপদে দায়িত্ব রেখে উপযুক্ত ব্যক্তিদের প্রশাসক নিযুক্ত করা উত্তম। একজন সৎ কর্মঠ, দক্ষ, ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রত্যাশা করছে নগরবাসী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন