জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউনামা)-এর নতুন প্রধান এবং আফগানিস্তান বিষয়ক তার বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছেন। রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন। তার এই দায়িত্ব গ্রহণ এমন এক সময়ে যখন আফগানিস্তান নানাবিধ মানবিক, অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে।
এ খবর দিয়েছে দ্য কাবুল ট্রিবিউন। অভিজ্ঞ এই কূটনীতিক আন্তর্জাতিক কূটনীতি, মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং শান্তি বিনির্মাণের ক্ষেত্রে প্রায় তিন দশকের অভিজ্ঞতা সম্পন্ন। এই পদে নিযুক্ত হওয়ার আগে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, ভূবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রসমূহের উচ্চ প্রতিনিধি (ওএইচআরএলএলএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০২০ সালে ইউনিসেফের নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০২২ সালে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের প্রথম নারী সভাপতি নির্বাচিত হন। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রাবাব ফাতিমা নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
কূটনৈতিক ক্যারিয়ারের শুরুর দিকে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। রাবাব ফাতিমা অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির দ্য ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের জননী।
