চীনে ধেয়ে আসছে টাইফুন বাভি, সড়িয়ে নেয়া হলো লাখ লাখ মানুষকে

চীনে ধেয়ে আসছে টাইফুন বাভি, সড়িয়ে নেয়া হলো লাখ লাখ মানুষকে

ফন্ট সাইজ:

জাপানের সাকিশিমা দ্বীপে আঘাত হানার পর তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে শক্তিশালী টাইফুন ‘বাভি’ এখন চীনের দিকে ধেয়ে আসছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতির কারণে পূর্ব চীনের উপকূলীয় এলাকা থেকে ইতোমধ্যে ৬ লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ‘সুপার টাইফুন’ বাভি কিছুটা দুর্বল হলেও এর ভয়াবহতা এখনও কমেনি।

শনিবার চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় জেঝিয়াং প্রদেশ থেকে ৫ লক্ষাধিক এবং পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে আরও ১ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার ভোরে জেঝিয়াং প্রদেশের ঘনবসতিপূর্ণ শহর ওয়েনচৌতে টাইফুনটি আছড়ে পড়তে পারে। এর প্রভাবে ওই অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পর বাভি কিছুটা শক্তি হারালেও এর মেঘমালার বিপুল জলকণার কারণে ভারী বর্ষণ ও বন্যার বড় ঝুঁকি রয়ে গেছে। দুর্যোগের আশঙ্কায় চীনের জাতীয় আবহাওয়া সংস্থা দ্বিতীয় সর্বোচ্চ ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রেল যোগাযোগ সীমিত করা হয়েছে। এছাড়া স্কুল ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ওয়েনচৌ শহরের বাসিন্দা হুয়াং সিংহুয়ান (৫০) বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি কিছুটা চিন্তিত, তবে আশা করি সব ঠিক হয়ে যাবে। আমরা দুই-তিন দিনের পানি ও খাবার মজুত করেছি। এর আগেও আমরা টাইফুন দেখেছি, এবারও এটি মোকাবিলা করতে পারব। ফুজিয়ানের নিংদে শহর থেকে শুক্রবার সন্ধ্যার মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার ৩ হাজার ৭০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ১৭ হাজারেরও বেশি উদ্ধারকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান ও কুয়াংশি (গুয়াংসি) অঞ্চল চলতি সপ্তাহের শুরুতে আঘাত হানা ক্রান্তীয় ঝড় ‘মায়সাক’-এর ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি। মায়সাকের প্রভাবে নাননিং শহরে একটি বাঁধ ভেঙে রাস্তাঘাটে পানি ঢুকে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। টাইফুন বাভির প্রভাবে সৃষ্ট মৌসুমি বায়ুর কারণে ফিলিপাইনে প্রবল বৃষ্টি ও ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, শনিবার দ্বীপ রাষ্ট্রটির পাশ দিয়ে বাভি অতিক্রম করার সময় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মোটরসাইকেল আরোহীসহ অন্তত ৩৬ জন আহত হয়েছেন। তাইচং ও হুয়ালিয়েন কাউন্টিসহ বিভিন্ন অঞ্চল থেকে ১৪ হাজার ২১০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে স্কুল, অফিস ও রেস্তোরাঁ বন্ধ রাখা হয়েছে। জাপানের ওকিনাওয়া অঞ্চলে উচ্চ তরঙ্গ ও জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে এবং দেশটিতে ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সাকিশিমা দ্বীপপুঞ্জে শুক্রবার থেকেই তীব্র বাতাস ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন