সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দানের টাকা দ্বিতীয়বারের মতো গণনা শুরু হয়েছে। ১৯ দিন পর শনিবার দুপুরে মাজার প্রাঙ্গণে সামিয়ানা বিছিয়ে টাকা গণনা শুরু হয়।
এর আগে মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সিটি প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহার উপস্থিতিতে দরগাহের ডেগ ও দানবাক্স থেকে টাকা খোলা হয়। এ সময় মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, প্রায় ১৯ দিন পর টাকা ফের গণনা করা হচ্ছে। এই টাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারের নামে খোলা একাউন্টে জমা রাখা হবে। বৃহস্পতিবার ব্যবস্থাপনা কমিটির বৈঠকে সিদ্ধান্তের পর টাকা কী হবে সে বিষয়টি জানানো হবে।
সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম মন্ত্রণালয়ের নির্দেশে জুন মাসে মাজারের দানবাক্সে হস্তক্ষেপ করেছিলেন। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হলে ২১ জুন সারওয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়। তবে সিলেট ছাড়ার প্রাক্কালে প্রায় তিন দিনের দানবাক্সের টাকা গুনে হিসাব দেন। এতে দেখা গেছে তিন দিনে দানবাক্সে জমা পড়েছিলো ১৭ লাখ ৬৫ হাজার টাকা।

Sakhawat
২ ঘন্টা আগেভালো উদ্যোগ, দানের টাকার হিসাবরক্ষণের স্বচ্ছতা থাকা জরুরি! তাছাড়া ভবিষ্যতে এসব টাকা কোথায় কীভাবে ব্যয় হবে তাও জনগণকে জানানো উচিত। সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমকে অনেক ধন্যবাদ ।