হলিউড তারকা টম হল্যান্ড এবার ভারত সফরে রাজকীয় আয়োজনে থাকছেন। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা মুম্বইয়ের ঐতিহাসিক তাজমহল প্যালেস হোটেলের সবচেয়ে বিলাসবহুল আবাসনগুলোর একটি টাটা স্যুটে উঠেছেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মৌসুম ও সম্ভাব্যতার ওপর নির্ভর করে এই স্যুটের প্রতি রাতের ভাড়া ৭ লাখ থেকে ১২ লাখ রুপি। টাটা স্যুটটি সাধারণ হোটেল কক্ষের চেয়ে অনেক বেশি একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মতো। এতে রয়েছে দুটি শয়নকক্ষ, প্রশস্ত বসার ঘর, আনুষ্ঠানিক ডাইনিং রুম, ১৫ জনের বৈঠক উপযোগী মিটিং রুম, ব্যক্তিগত অফিস, লাউঞ্জ, সনা-সুবিধাসহ স্পা, ব্যক্তিগত জিম, বাটলার প্যান্ট্রি। প্রয়োজনে এর সঙ্গে আরও একটি অতিরিক্ত শয়নকক্ষও যুক্ত করা যায়। ঐতিহাসিক স্থাপত্যশৈলী, পুরোনো আমলের আসবাব, শিল্পকর্ম এবং সাংস্কৃতিক নিদর্শনের জন্য টাটা স্যুট তাজমহল প্যালেস হোটেলের সবচেয়ে অভিজাত আবাসনগুলোর একটি হিসেবে পরিচিত।
শুক্রবার দ্য ওডিসি চলচ্চিত্রের ভারতীয় প্রিমিয়ারে অংশ নিতে টম হল্যান্ড মুম্বই পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি মুম্বইয়ের কালিনা বিমানবন্দর থেকে বের হয়ে সরাসরি তাজমহল প্যালেস হোটেলে যান। এটি টম হল্যান্ডের দ্বিতীয় ভারত সফর। এর আগে তিনি ২০২৩ সালে ভারতে এসেছিলেন। তার সঙ্গে মুম্বইয়ে এসেছেন অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান, প্রযোজক এমা থমাস এবং সহ-অভিনেতা ম্যাট ডেমন। দ্য ওডিসি-এর বৈশ্বিক প্রচারণা সফরের অন্যতম গন্তব্য হিসেবে এবার মুম্বইকে বেছে নেয়া হয়েছে। লন্ডন, প্যারিস ও নিউইয়র্কের পাশাপাশি এবার মুম্বইও এই তালিকায় যুক্ত হয়েছে। এটি প্রথমবারের মতো কোনো ক্রিস্টোফার নোলান পরিচালিত চলচ্চিত্রের জন্য ভারতে বিশেষ প্রিমিয়ার আয়োজনের ঘটনা। দ্য ওডিসি-এর বিশেষ প্রদর্শনীতে টম হল্যান্ডকে উচ্ছ্বসিত অভ্যর্থনা জানান ভারতীয় ভক্তরা। মঞ্চে ওঠার পর দর্শকরা দাঁড়িয়ে করতালি ও উল্লাসে তাকে স্বাগত জানান। জবাবে টম হাসিমুখে দু’হাত জোড় করে ‘নমস্তে’ জানান।
এতে উপসি'ত দর্শকদের করতালি আরও জোরালো হয়ে ওঠে। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, হৃদয়ের গভীর থেকে আপনাদের ধন্যবাদ। সবসময় আমাদের এত উষ্ণতা, আনন্দ, উচ্ছ্বাস, আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে স্বাগত জানানোর জন্য কৃতজ্ঞ। ভারতের মতো সিনেমা হলে এমন অসাধারণ উদ্দীপনা আর কোথাও দেখা যায় না। এর আগে হোটেলের বাইরে জড়ো হওয়া ভক্তদের দিকেও হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। ক্রিস্টোফার নোলান রচিত, পরিচালিত ও সহ-প্রযোজিত দ্য ওডিসি প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্যের ওপর ভিত্তি করে নির্মিত।
ছবিতে ট্রয় নগরীর পতনের পর ওডিসিয়ুসের ১০ বছরব্যাপী বাড়ি ফেরার যাত্রা তুলে ধরা হয়েছে। ম্যাট ডেমন অভিনয় করেছেন ওডিসিয়ুস চরিত্রে। আর টম হল্যান্ডকে দেখা যাবে তার ছেলে টেলেমাকাসের ভূমিকায়। এ ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, জেনডায়া, চার্লিজ থেরন, রবার্ট প্যাটিনসন এবং লুপিতা নিয়ঙ্গ’ও। দ্য ওডিসি আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
