বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে ভারতজুড়ে জোর আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এ গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন ষাটোর্ধ্ব সুপারস্টার। তবে আমিরের এই বিয়ে নিয়ে ক্ষোভও তৈরি হয়েছে। এমন আবহে উগ্রপন্থী হিন্দুত্ববাদী বজরং দলের রোষানলে পড়েছেন আমির খান। কেন বারবার হিন্দু নারীকেই বিয়ে করেন অভিনেতা, সেই প্রশ্ন তুলে আমির খানকে ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছে এই হিন্দু সংগঠনটি।
আমিরের তৃতীয় বিয়ের পর সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় এক বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। সেখানেই ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে অভিনেতার কুশপুত্তলিকা জ্বালায় বিক্ষোভকারীরা। পাশাপাশি আমির-বিরোধী স্লোগান দিতেও শোনা যায় তাদের। বজরং দলের নেতা মনোজ সোনি এক বিবৃতিতে বলিউড অভিনেতার বিরুদ্ধে হিন্দু সমাজকে অপমান করার অভিযোগ আনেন। কোনওরকম রেয়াত না করেই কড়া ভাষায় তিনি বলেন, আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করে তাদের লাইনে দাঁড় করাচ্ছেন! লাগাতার এহেন কর্মকাণ্ড হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।
মনোজ সোনি আরও বলেন, বারবার হিন্দু মেয়েদের বিয়ে করছেন আর তৈমুজ, আফরোজ, সলমনদের বাবা হচ্ছেন। এটা কোথাকার নিয়ম ভাই? কেন মুসলিম নারীদের পছন্দ হয় না আমিরের? বারবার কেন হিন্দু মেয়েদের প্রেমেই পড়েন আমির খান? সমাজের সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলে আদালত ও সরকারকে আমিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার আর্জিও জানিয়েছেন তিনি।
