বঙ্গোপসাগরে তিন ফিশিং বোটে জলদস্যুদের হামলা, মাঝি গুলিবিদ্ধ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের বঙ্গোপসাগরে তিনটি ফিশিং বোটে জলদস্যুদের হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনি নামের এক মাঝি গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন মাঝিমাল্লা আহত হয়েছেন। আহতদের সবার বাড়ি আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামে। বুধবার ভোরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। জলদস্যুরা ফিশিং বোটে হামলা চালিয়ে মাঝিমাল্লাদের মারধর করে এবং বোটের প্রয়োজনীয় মালামাল লুটে নেয়।
জানা যায়, আক্রান্ত বোটগুলোর মধ্যে পূর্ব গহিরা তেলিপাড়া এলাকার মো. জসিম কোম্পানি, মো. হেফাজ কোম্পানি ও মো. কাশেম কোম্পানির মালিকানাধীন তিনটি ফিশিং বোট রয়েছে। হামলার সময় মাঝি মনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাঝিমাল্লাদের অভিযোগ, জলদস্যুরা বাঁশখালী, কুতুবদিয়া ও মহেশখালী এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। হামলার সময় তারা মাঝিমাল্লাদের বেধড়ক মারধর করে এবং মাছ ধরার জালসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। এ ছাড়া দুটি বোটের ইঞ্জিন খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দা সিফাত জানান, সেহরির সময় তিনটি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়ে। একটি বোট সকালে উপকূলে ফিরতে সক্ষম হলেও অপর দুটি বোট উপকূলে টেনে আনা হচ্ছে। তিনটি বোটের মাঝিমাল্লারাই গুরুতর আহত হয়েছেন। সাঙ্গু নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইছার জানান, বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় জলদস্যুদের হামলায় আনোয়ারার তিনটি ফিশিং বোটের মাঝিমাল্লারা আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন