যশোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফন্ট সাইজ:

যশোরের বাঘারপাড়ায় ৫ বছর বয়সী এক শিশুকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিত ওই শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে বাঘারপাড়া থানার খলশী গ্রামে। অভিযুক্ত সিহাব (১৮) একই এলাকার আহাদ আলীর ছেলে এবং শিশুটির আপন ফুফাতো ভাই।

নির্যাতিত শিশুর মা জানান, গতকাল আনুমানিক দুপুর ১২টার দিকে তার মেয়ে বাড়ির উঠানে খেলা করছিল। এসময় তার ফুফাতো ভাই সাকিব তাকে একা পেয়ে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে আব্দুল হাই মাস্টারের বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখে টেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। তার গোঙানির শব্দ শুনে প্রতিবেশী এক মহিলা এগিয়ে গিয়ে তাদের দেখতে পায়। এরপর শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, স্থানীয়রা বিষয়টি মীমাংসার জন্য চাপ দিচ্ছে। কিন্তু আমি ন্যায়বিচার চাই। আমার মেয়ের মতো আর যেন কেউ নির্যাতনের শিকার না হয় সেজন্য আমি মামলা করবো। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বজলুর রশিদ টুলু জানিয়েছেন, শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। এদিকে বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, এখনো কোনো অভিযোগ পাইনি। তারপরও ওই এলাকায় পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন