সরকার গঠনের পরপরই দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ছয়টিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। যে ছয়টিতে এখনো প্রশাসক দেয়া হয়নি সেগুলোর মধ্যে রয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজশাহীতে প্রশাসক নিয়োগকে ঘিরে বিএনপি’র দলীয় অঙ্গনে শুরু হয়েছে নানা তৎপরতা। মহানগর বিএনপি’র পাঁচজন নেতা প্রশাসক হওয়ার দৌড়ে নেমেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ছয় সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকেরা বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশনেও বিএনপি থেকে কেউ একজন নিয়োগ পাবেন। ফলে মেয়র নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি নেতারা প্রশাসক হতেও দৌড়ঝাঁপ শুরু করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপি সভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা ও আবুল কালাম আজাদ সুইট এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রশাসক পদে নিয়োগ পেতে সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছেন। তাদের কেউ ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কেউ আবার রাজশাহী থেকে হাইকমান্ডের শীর্ষ পর্যায়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছেন।
তাদের মধ্যে সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহীর রাজনীতিতে সুপরিচিত মুখ। ২০১৩ সালে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে পরাজিত করে মেয়র হন। তবে তাকে দায়িত্ব পালন করতে দেয়া হয়নি। বরখাস্ত এবং কারাবন্দি জীবনও পার করতে হয় তাকে। উচ্চ আদালতের রায় অনুকূলে এলেও মেয়রের চেয়ারে আর ফেরা হয়নি।
রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন। তিনি বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে স্বচ্ছতা, আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি।
প্রশাসক হওয়ার দৌড়ে রয়েছেন ওয়ালিউল হক রানা। সম্প্রতি ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। মেয়র পদে মনোনয়ন কিংবা প্রশাসক হিসেবে দায়িত্ব দুই ক্ষেত্রে আগ্রহ রয়েছে বলে তিনি জানিয়েছেন। মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনও রয়েছেন এই তালিকায়। তার বক্তব্য, জনসেবার লক্ষ্যে রাজনীতি করেন এবং দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। আরেক নেতা আবুল কালাম আজাদ একসময় রাজশাহী কলেজ ও মহানগর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরপর ছিলেন যুবদলে। প্রশাসক পদে আগ্রহ প্রকাশ করলেও তিনি বলেন, বিগত সরকারের আমলে নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে না পারা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে সম্মান জানানো হলে সেটিই যুক্তিযুক্ত হবে। পরে দল তরুণদের বিবেচনা করলে দায়িত্ব পেলে কাজ করতে প্রস্তুত আছেন।
রাসিকের প্রশাসক পদে আলোচনায় বিএনপি’র ৫ নেতা
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
