কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের পাওয়ার কারের ছাদের উপরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার ভোর ৫টা ২৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের ছাদ থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ।
রেলওয়ে পুলিশ জানায়, ২৫শে ফেব্রুয়ারি ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় বিপুল পরিমাণ গাঁজার একটি চালান যাচ্ছে। ট্রেনটি ভোরে ভৈরবে থামলে রেলওয়ে পুলিশ ট্রেনের ভেতর বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা পুলিশের অভিযান টের পেয়ে গাঁজার বস্তাগুলো ট্রেনের পাওয়ার কারের ছাদে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বাসন্তিকালারের স্কচটেপ দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৬টি প্যাকেটে দুই কেজি করে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, ট্রেনের ছাদে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ১২ কেজি গাঁজা। মাদক পাচারের ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ট্রেনের ছাদে পড়েছিল ১২ কেজি গাঁজা
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
