নাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ

নাগরিক সমস্যা সমাধানে ৬০ দিনের কর্মসূচি ঘোষণা সাখাওয়াত হোসেনের

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এ দায়িত্ব আমার ওপর অর্পিত পবিত্র আমানত। এক্ষেত্রে সফল না হওয়ার কোনো বিকল্প নেই। দলের নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবীসহ সবাইকে নিয়ে নাগরিক সমস্যা সমাধানে কাজ করে যাবো। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর নগরের রাস্তাঘাট সংস্কার, যানজট ফুটপাথের হকার, বিশুদ্ধ পানির সরবরাহসহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে ৬০ দিনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি। বুধবার সকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামসহ জেলা ও মহানগরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরভবনে প্রবেশ করেন তিনি। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারীরা তাকে স্বাগত জানান। পরে তিনি নির্ধারিত কক্ষে অফিস শুরু করেন।
২০২৪ সালের ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানের পর পতন হয় আওয়ামী লীগ শাসনামলের। এরপর একই বছরের ১৯শে আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয়া হয়। ২০২৪ সালের ২১শে আগস্ট দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে যোগদান করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। প্রায় বছরখানেক দায়িত্ব পালনের পরে তাকে পরিবর্তন করে যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়োগ দেয়া হয়। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করে। নির্বাচনের ১০ দিন পর ২২শে ফেব্রুয়ারি দেশের ৬ সিটিতে নিয়োগ দেয়া হয় দলীয় ৬ প্রশাসক। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন