বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে তার আপত্তিকর ছবি তোলার চেষ্টাসহ ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তারের পরদিন জামিন দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ মঙ্গলবার আপসের শর্তে জামিনের আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। জামিন পেয়ে নোবেলের কণ্ঠে ছিল না কোনো অনুশোচনা। বরং তিনি বললেন, আমার দর্শক-শ্রোতারা আমাকে ভালো করে বোঝে আমি হালকা পাগল আছি। তারা আমাকে ক্ষমা করে দেবে। মানুষ মাত্রই ভুল করে। আমারো ভুল হয়েছে। আবারো হতে পারে।
এর আগে, ২রা ফেব্রুয়ারি গায়ক নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ২৩শে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ১৩ই আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন গায়ক নোবেল। পরে ২০২৩ সালের ২৫শে আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন তিনি। অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়।
