বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণ-অভ্যুত্থান ও নির্বাচন পরবর্তী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়ন অভিযাত্রার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা ষড়যন্ত্র শুরু করেছে। ফ্যাসিস্ট হাসিনার ডিসেম্বরে দেশে আসার হুংকার সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ডিসেম্বরে নয়, আমরা চাই ফ্যাসিস্ট হাসিনা আজই দেশে ফিরে এসে আইনের কাছে আত্মসমর্পণ করুন, কারণ তিনি আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালাতক আসামি। কিন্তু গণ-অভ্যুত্থানে গণহত্যার হুকুমদাতা ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়া হাসিনাদের সেই সৎ সাহস নাই।
এমরান সালেহ প্রিন্স শুক্রবার বিকালে হালুয়াঘাট উপজেলার যুগলী ইউনিয়নের ঘোষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে এই বক্তব্য দেন। হালুয়াঘাট উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মরহুম শেখ সাদিরের মৃত্যুতে যুগলী ইউনিয়ন কৃষক দল এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উল্লেখ্য, গত ২৩শে মে শেখ সাদির ইন্তেকাল করেন। বক্তব্যের শেষে তিনি মরহুম শেখ সাদিরের রুহের মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং উপস্থিত নেতাকর্মীদের শেখ সাদিরের আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান। সভা শেষে মরহুম শেখ সাদিরের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের সভাপতি রজব আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপি’র আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ক্বারী আবুল কাশেম, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, মরহুমের ছেলেসহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
