বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় একটি মাদ্রাসার ভবন নির্মাণকাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার থেকে দু’দিন ধরে গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণকাজ বন্ধ রয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দলু বারী স্থানীয়দের বাধায় ভবন নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদ্রাসার অধ্যক্ষ বলেন, তার মাদ্রাসায় ৪ তলার ভিতসহ একটি একতলা ভবন নির্মাণকাজ শুরু হয়েছে প্রায় দেড় মাস আগে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের কাজ এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ভবনটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স শেখ ওসমান আলী’র পরিচালক এসএম বদিউজ্জামান খোকন বলেন, বিএনপি নেতা হাফিজুর রহমান দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। সেই টাকা দিতে না পারায় কাজ বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে থানায়ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অপরদিকে বিএনপি নেতা হাফিজুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যাপক অনিয়মের কারণে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। চাঁদার জন্য নয়। থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, বুধবার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাঁদা না দেয়ায় মাদ্রাসা ভবনের নির্মাণকাজ বন্ধ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
