কার্যকর জাতীয় সংসদই গণতন্ত্রের আস্থার প্রতীক: ডিএফডি চেয়ারম্যান কিরণ

কার্যকর জাতীয় সংসদই গণতন্ত্রের আস্থার প্রতীক: ডিএফডি চেয়ারম্যান কিরণ

ফন্ট সাইজ:

জাতীয় সংসদ জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর। একটি কার্যকর, প্রাণবন্ত ও জবাবদিহিমূলক সংসদই জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির (ডিএফডি) চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শুক্রবার রাজধানীর ইডেন মহিলা কলেজে ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, মেধা ও মননের বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বিতর্ক। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অন্য পক্ষের মতামত ও যুক্তিকে যথাযথ মূল্যায়ন করে পাল্টা যুক্তি উপস্থাপন করতে হয়। এর মাধ্যমে যুক্তিবোধের বিকাশ ঘটে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়।

তিনি বলেন, বিগত শাসনামলে দেশ কার্যকর জাতীয় সংসদ থেকে বঞ্চিত ছিল। অথচ জাতীয় সংসদই জাতির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর। বর্তমান জাতীয় সংসদ ইতিমধ্যে একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ হিসেবে জনগণের কাছে প্রশংসিত হচ্ছে। এই সংসদ মানুষের অধিকার, প্রত্যাশা ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। ডিএফডি চেয়ারম্যান আরও বলেন, বর্তমান সংসদে সরকারি ও বিরোধী দল যুক্তি-পাল্টা যুক্তির মাধ্যমে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরছে।

তারা ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার বিষয়েও কথা বলছে। সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করছেন, যা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা লুনা।

এ সময় বক্তব্য দেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহানাজ পারভীন, ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. আফরোজা বেগম এবং ক্লাবের সভাপতি ফাতেমা তুজ জোহরা সুরভী। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন বিভাগের মোট ২৪টি দল অংশ নিচ্ছে। আগামী রোববার প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন