ঢাকায় বেড়েছে সবজির দাম

ঢাকায় বেড়েছে সবজির দাম

ফন্ট সাইজ:

টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম। মান ও আকারভেদে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেড়েছে মুরগির দাম। তবে মাছের বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। শুক্রবার সকাল থেকে বৃষ্টি থাকলেও রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে ছিল ক্রেতাদের স্বাভাবিক ভিড়। বাজার ঘুরে দেখা যায়, কাঁচা কলা প্রতি হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়।

মানভেদে পেঁপের দাম কেজিপ্রতি ৫০ টাকা এবং চালকুমড়া প্রতিটি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
বর্ষাকাল হওয়ায় বাজারে বিভিন্ন ধরনের শাকের সরবরাহ তুলনামূলক বেশি। লাল শাকের আঁটি ১০ টাকা এবং পুঁইশাকের আঁটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়ে ২৫ টাকায় পৌঁছেছে। লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

সবজির মধ্যে সাধারণ মানের বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও আগের দিনের তুলনায় বাজারভেদে দাম বেড়েছে। পটোলের দামও ১০ টাকা পর্যন্ত বেড়ে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টিকুমড়ার দাম অপরিবর্তিত থাকলেও করলার দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় উঠেছে।

এ ছাড়া ঝিঙা ৬০-৭০ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, ঢ্যাঁড়শ ও চিচিঙ্গা ৫০-৬০ টাকা, কচুরলতি ৭০-৯০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা এবং শসা ৬০-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম মানভেদে ৮০ থেকে ১৬০ টাকা কেজি।

চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের তুলনায় কেজিতে প্রায় ৩ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। বর্তমানে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকা, মোটা চাল ৫৫-৬০ টাকা, নাজিরশাইল ৯০ টাকা এবং চিনিগুড়া চালের দাম ২০০ টাকা ছাড়িয়েছে।

মুরগির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৮০ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম ৩৪০-৩৬০ টাকা, লেয়ার ৩২০-৩৪০ টাকা এবং দেশি মুরগি ৬২০-৬৫০ টাকা কেজি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে।

অন্যদিকে মাছের বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। বড় রুই মাছ কেজিপ্রতি ৪৫০-৫৫০ টাকা, মাঝারি রুই ৩৫০-৪৫০ টাকা এবং ছোট রুই ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাতলা ৩৪০-৪৮০ টাকা, তেলাপিয়া ২০০-২৫০ টাকা, শিং ৪০০-৫০০ টাকা, পাবদা ৩০০-৪৫০ টাকা, টেংরা ৬০০-৮০০ টাকা, পাঙাশ ১৮০-৩৫০ টাকা, চাষের কৈ ২০০-২৮০ টাকা, সিলভার কার্প ১৮০-২৪০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Kawsar

২ ঘন্টা আগে

Really concerned that we don't have a strong and effective opposition party to hold the government accountable.

মন্তব্য করুন