বন্ধুদের নিয়ে মাওয়া ঘাট থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত এক

বন্ধুদের নিয়ে মাওয়া ঘাট থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত এক

ফন্ট সাইজ:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পোস্তগোলা ব্রিজের ওপর ট্রাকের ধাক্কায় হুমায়ুন কবির নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু সোহেল গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে আহতদের নিয়ে আসা বন্ধু মো. মানিক জানান, রাতের বেলা ১০-১২ জন বন্ধু মোটরসাইকেলযোগে ঢাকা থেকে মাওয়া ঘাটে ঘুরতে যান। ভ্রমণ শেষে ভোরের দিকে বাড়ি ফেরার পথে দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের ওপর একটি দ্রুতগতির ট্রাক হুমায়ুনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে হুমায়ুন ও মোটরসাইকেলের পেছনে থাকা সোহেল ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন এবং সোহেলকে চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও জানান, নিহত হুমায়ুন কবিরের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামে। তিনি মো. রহমানের ছেলে। হুমায়ুন রাজধানীর কলাবাগানের ঢালীবাড়ি এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে হুমায়ুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন