পুবাইলে বাড়ছে অপরাধ, আতঙ্কে জনজীবন

ফন্ট সাইজ:

গাজীপুরের পুবাইল এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, জমি দখল ও আত্মহত্যার ঘটনাবৃদ্ধিতে জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, মাজুখান, খিলগাঁও, হায়দারাবাদ ও বসুগাঁওসহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো অপরাধের ঘটনা ঘটছে। ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর দাবি, বিশেষ করে রাতের বেলায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। বাড়িঘর, দোকানপাট থেকে শুরু করে রাস্তায় থাকা বৈদ্যুতিক তার ও খুঁটিও চুরির হাত থেকে রক্ষা পাচ্ছে না। পুবাইলের হায়দারাবাদ এলাকার বাসিন্দা মামুন বলেন, এলাকায় যে চুরিগুলো হচ্ছে, সেগুলো বাইরের কেউ করছে না। স্থানীয় কিছু নেশাগ্রস্ত বখাটে যুবক তাদের নেশার টাকা জোগাড় করতে এসব অপরাধে জড়াচ্ছে। তারা কিছুই বাদ দিচ্ছে না-বাড়ির জিনিসপত্র, বৈদ্যুতিক তার, এমনকি খুঁটি পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। মাজুখান ও বসুগাঁও এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সন্ধ্যার পর থেকেই অনেক এলাকায় নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। খিলগাঁও এলাকায় সম্প্রতি এক কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা এবং এক গৃহবধূর দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দেয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরপর এসব ঘটনায় নানা গুঞ্জন ছড়ালেও সংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি ঘটনাই পৃথকভাবে তদন্তাধীন।
স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি একটি প্রভাবশালী দলের নাম ব্যবহার করে জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিশ্চিত তথ্য জানতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে আতিকুর রহমান, অফিসার ইনচার্জ পুবাইল থানা বলেন, পুবাইলের বিভিন্ন এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদার করা হয়েছে। রাতে পেট্রোল টিম মাঠে কাজ করছে এবং সাদা পোশাকে পুলিশ সদস্যরা নজরদারি চালাচ্ছেন। মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করণীয়, আমরা তা করছি। কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়দের মতে, টহল বাড়ানোর পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া পুবাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়ন সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন