নগরস্বাস্থ্য সুরক্ষায় ‘আশার আলো’ ক্লিনিক সম্প্রসারণ করতে চায় সরকার

ফন্ট সাইজ:

সুবিধাবঞ্চিত নগর জনগোষ্ঠীর শিশু, নারী ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ‘আলো ক্লিনিক’ মডেল সম্প্রসারণ করতে চায় সরকার। এ লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য একটি ধারণাপত্র প্রস্তুত করতে ইউনিসেফকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ‘আলো ক্লিনিক’ বিষয়ক জাতীয় ফলাফল উপস্থাপন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। তিনি যেখানেই থাকুন না কেন বা তার আর্থিক সক্ষমতা যেমনই হোক, সবাইকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে হবে। এজন্য সহজপ্রাপ্য, জবাবদিহিমূলক, জনগণমুখী ও সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, দ্রুত নগরায়ণের ফলে শহরের ভাসমান ও নিম্নআয়ের জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে । আলো ক্লিনিক যেভাবে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে, তা সত্যিই অনুসরণযোগ্য। মন্ত্রী জানান, সম্প্রতি সিটি করপোরেশন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আসা ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রে আলো ক্লিনিকের সফল অভিজ্ঞতা কাজে লাগানো হবে। এসব কেন্দ্রে সেবার মান উন্নয়ন এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, বিপুল অর্থ ব্যয় করে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই সরকারি হাসপাতালগুলোকে এমন পর্যায়ে উন্নীত করা হবে, যাতে মানুষ আস্থা নিয়ে সেখানে চিকিৎসা নিতে পারেন। চিকিৎসার অভাবে দেশের একটি মানুষকেও মরতে দিতে চায় না সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতাল এবং জেলা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে। পাশাপাশি দুর্গম এলাকার রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দিতে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন