বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন কারা?

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন কারা?

ফন্ট সাইজ:

এবারের বিশ্বকাপের ফাইনালের মধ্যবিরতিতে বড় আয়োজন করার ঘোষণা দিয়েছে ফিফা। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফাইনাল ম্যাচের হাফটাইম (মধ্যবিরতি) শোতে মঞ্চে থাকবে তারকার মেলা। মাত্র ১১ মিনিটের এই আয়োজনে সর্বশেষ যুক্ত হলেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। আয়োজকেরা নিশ্চিত করেছেন যে, তারকাখচিত এই সম্পূর্ণ মিউজিক্যাল পারফরম্যান্সটি মোট ১১ মিনিটই স্থায়ী হবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই জমকালো আয়োজনে বিবার ছাড়াও পারফর্ম করবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধান করছেন কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন।

ফুটবলের নিয়ম অনুযায়ী মধ্যবর্তী বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট হতে পারায় এই আয়োজন নিয়ে কিছুটা উদ্বেগ ছিল। তবে এই ঘোষণার মাধ্যমে বিরতি ২৫ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে এমন যে গুঞ্জন ছিলো তা নাকচ হয়ে গেল। ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো একে ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চ হিসেবে আখ্যা দিয়েছেন এবং বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মানুষ এটি উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে। চিলড্রেন বা শিশুদের কল্যাণে বিশ্বজুড়ে ১০ কোটি ডলার তহবিল সংগ্রহের লক্ষ্যে ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের সমর্থনে এই কনসার্টটি কাজ করবে।

অনুষ্ঠানে সেসামি স্ট্রিট এবং দ্য মাপেটস-এর চরিত্রগুলোর পাশাপাশি নাইজেরিয়ান গায়ক বার্না বয় এবং ভেনিজুয়েলার কন্ডাক্টর গুস্তাভো দুদামেলও পারফর্ম করবেন। পপ তারকা জাস্টিন বিবার এক বিবৃতিতে এই মহৎ উদ্যোগের অংশ হতে পেরে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গ্লোবাল সিটিজেনের প্রধান নির্বাহী হিউ ইভান্স জানান, লাইভ এইডের পর এটিই কোনো মহৎ উদ্দেশ্যে শিল্পীদের একক বৃহত্তম সমাবেশ এবং এটি ইতিহাসের সবচেয়ে বেশি মানুষের দেখা ১১ মিনিটের লাইভ সম্প্রচার হতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন