১৫১ রিটকারীর নিয়োগ, ৪৬ হাজার ১৯৯ জনের ফল পুনঃপ্রকাশের নির্দেশ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ

১৫১ রিটকারীর নিয়োগ, ৪৬ হাজার ১৯৯ জনের ফল পুনঃপ্রকাশের নির্দেশ

ফন্ট সাইজ:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ২০২৩ সালের সার্কুলারের আওতায় করা নিয়োগসংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন আপিল বিভাগ। আদালত ১৫১ জন রিটকারীর নিয়োগ, ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফলাফল নতুন করে প্রকাশ এবং ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগ বহাল রাখার নির্দেশ দিয়েছেন।

রায়ের পর আইনজীবী সাংবাদিকদের জানান, ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির সময় বিদ্যমান কোটা পদ্ধতির ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছিল। পরে ১৫১ জন প্রার্থী হাইকোর্টে রিট করে দাবি করেন, জুলাইয়ের পর সুপ্রিম কোর্টের কোটা-সংক্রান্ত রায়ের আলোকে মেধাভিত্তিক নিয়োগ হওয়া উচিত। হাইকোর্ট ওই নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে ১৫১ জন রিটকারীকে নিয়োগ দেয়ার নির্দেশ দেন। সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলে আজ আপিল বিভাগ চূড়ান্ত রায় দেন।

রায়ে আদালত ৩ টি নির্দেশনা দিয়েছেন। প্রথমত, ১৫১ জন রিটকারীকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দেয়া হয়েছে। দ্বিতীয়ত, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২০২৩ সালের নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীর ফলাফল সুপ্রিম কোর্টের কোটা-সংক্রান্ত (সিপি নং-২৫১৬/২০২৪) রায়ের আলোকে মেধাভিত্তিকভাবে পুনরায় প্রকাশ করতে বলা হয়েছে।

তৃতীয়ত, মামলাটি চলাকালে ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ ন্যায়বিচারের স্বার্থে বহাল রাখা হয়েছে।

রায়ের ব্যাখ্যায় আইনজীবী তাজুল ইসলাম বলেন, ‘‘আদালত ‘কমপ্লিট জাস্টিস’-এর নীতি অনুসরণ করে ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বহাল রেখেছেন, যাতে প্রশাসনিক জটিলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। একই সঙ্গে যেসব প্রার্থীর ফলাফল পুরোনো কোটা পদ্ধতির ভিত্তিতে প্রকাশ হয়েছিল, তাদের ক্ষেত্রে নতুন করে মেধাভিত্তিক ফল প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘এই রায়ের অর্থ এই নয় যে, অতীতে কোটা পদ্ধতিতে সম্পন্ন হওয়া সব নিয়োগ এখন চ্যালেঞ্জ করা যাবে। যেসব নিয়োগ চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেছে, সেগুলোকে চূড়ান্ত বলেই গণ্য করা হবে। তবে চলমান বা সংশ্লিষ্ট বিষয়ে আইনগত ভিত্তি থাকলে ভবিষ্যতে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ থাকতে পারে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন