বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড়ধসের পৃথক দুই ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় টানা ভারী বর্ষণের কারণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন—মো. ইউনুছ, তার স্ত্রী রানু আক্তার এবং তাদের চার বছরের শিশু সন্তান সোলেমান। তারা আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় বসবাস করতেন। অপর ঘটনায় নিহত হয়েছেন জুয়েল ও তার স্ত্রী কুলছুমা আক্তার। তারাও আজিজনগর ২ নম্বর মিশন পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে ঘরের ওপর পড়ে তারা মাটিচাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈন উদ্দিন বলেন, ‘আজিজনগর ইউনিয়নে পাহাড়ধসের পৃথক দুই ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এদিকে টানা বর্ষণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় ওসব এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।
বান্দরবানের লামায় পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
লামা (বান্দরবান) প্রতিনিধি
অনলাইন
৩ ঘন্টা আগে
৯ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ১৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
