বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বাড়লো ১২ জুলাই পর্যন্ত

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বাড়লো ১২ জুলাই পর্যন্ত

ফন্ট সাইজ:

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থার ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে পার্বত্য জেলা বান্দরবানের সকল পর্যটনকেন্দ্রের মেয়াদ আগামী ১২ জুলাই পর্যন্ত বাড়িয়েছে জেলা প্রশাসন। এর আগে কাল শুক্রবার পর্যন্ত বান্দরবানে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছিল।

গত মঙ্গলবার জেলা প্রশাসনের পর্যটন সেল থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং পাহাড়ধসের আশঙ্কা বেড়েছে। বিদ্যমান পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসনের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ জুলাই (রোববার) পর্যন্ত জেলার সকল পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও সাধারণ মানুষের ভ্রমণ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে। বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাদিউল ফেরদৌস স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি মঙ্গলবার জারি করা হয়।