যুক্তরাষ্ট্রে খাবার সরবরাহের কাজ করার সময় দুর্বৃত্তদের গুলিতে মাহফুজুল হক নামের প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা এবং তার গ্রামের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়।
ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় ডেলিভারি দেয়ার সময় মো. মাহফুজুল হককে গুলি করে হত্যা করা হয়। সাউথ ইথান স্ট্রিট ব্লকে রাত সাড়ে ৯টার ঠিক আগে এই গুলির ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, গুলির খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৪৩ বছর বয়সী মাহফুজুল হককে তার গাড়ির পাশে রাস্তায় পড়ে থাকতে দেখেন, তখনো গাড়িটির ইঞ্জিন চালু ছিল।
তদন্তকারী দলের পক্ষ থেকে জানানো হয়, নিহত হকের মাথার পেছনের অংশে গুলির আঘাত ছিল। তাকে পেন প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ মোবাইল ফোন, হকের ডোরড্যাশ ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের গুলি থেকে নির্গত দুটি খোসা (শেল কেসিং) উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে ফিলাডেলফিয়া পুলিশ।
নিহত মাহফুজুল হক পূর্বে আল-শাম উইলো গ্রোভ-এর একজন কর্মচারী ছিলেন। তার মৃত্যুতে স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান শোকাহত হয়ে পড়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় পেনসেলভেনিয়ার রাজ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত
সিদ্দিকুর রহমান সুমন, যুক্তরাষ্ট্র থেকে
অনলাইন
২ ঘন্টা আগে
৯ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ৩১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
