শেষের প্রহর গুনছে বিশ্বকাপ। ৪৮ দলের লড়াই কমে সেটি নেমে এসেছে আটে। পরিধি কমে আসার সঙ্গে জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। দলগত শিরোপা জয়ের পাশাপাশি এই পুরস্কারে চোখ তারকাদের। সেখানে সবার উপরে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। মিশরের বিপক্ষে মাঠে নামার আগে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনজন ছিলেন একই কাতারে। সমান ৭ গোল নিয়ে মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্দ ছিলেন শীর্ষে। তবে দুই অ্যাসিস্ট নিয়ে এগিয়ে ছিলেন এমবাপ্পে। তবে শেষ ষোলোয় মিশরের বিপক্ষে গোল করে ও করিয়ে কোয়ার্টার ফাইনালের আগে গোল্ডেন বুটের রেসে চূড়ায় মেসি। এবারের বিশ্বকাপে ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন ৫ ম্যাচে করেছেন আট গোল।
আটলান্টার মার্সিডিজ বেনজ
স্টেডিয়ামে ৮৩ মিনিটে মিশরের বিপক্ষে গোল করেন মেসি। ১৯৩০ সালে গিয়ের্মো স্তাবিলে বিশ্বকাপের এক আসরে আর্জেন্টিনার হয়ে আট গোল করেছিলেন। দীর্ঘ ৯৬ বছর পর সেই কীর্তি স্পর্শ করেন মেসি। এই বিশ্বকাপে মেসির পরিসংখ্যান রীতিমতো চমক জাগানো। সবচেয়ে বেশি ২৯ শট এসেছে তার পা থেকে। সবচেয়ে বেশি ১৭ অনটার্গেট শটের পাশাপাশি একটি অ্যাসিস্টও আছে মেসির। এমবাপ্পে ও হালান্দ সমানসংখ্যক গোল করলেও দুই অ্যাসিস্ট করে র্যাঙ্কিংয়ের দুইয়ে ফরাসি অধিনায়ক। ফিফার নিয়ম অনুযায়ী, গোলসংখ্যা সমান হলে বেশি অ্যাসিস্টধারী খেলোয়াড় এগিয়ে থাকেন। এরপরও সমতা থাকলে কম মিনিট খেলে গোল করা খেলোয়াড়কে এগিয়ে রাখা হয়।
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন বসে নেই। সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে দলকে
৩-২ জয়ে সাহায্য করেছেন তিনি। এই গোলে এবারের টুর্নামেন্টে তার গোল দাঁড়িয়েছে ছয়ে। কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেখানে হালান্দের সঙ্গে কেইনের গোলের লড়াই দেখা যাবে। এই বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড় হয়তো ফুটবলের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক। একইসঙ্গে মেসি, এমবাপ্পে ও হালান্দের মতো মহাতারকাদের এমন লড়াই আগে কমই দেখা গেছে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখনো ফ্রান্সের জাস্ট ফঁতেনের। ১৯৫৮
সালের বিশ্বকাপে ১৩ গোল করেন তিনি। মেসি এখন আট গোল নিয়ে কোয়ার্টার ফাইনালে।
মেসি ফাইনাল খেলতে পারলে আর তিনবার মাঠে নামার সুযোগ পাবেন। সেটি হলে এই রেকর্ড স্পর্শ করা অসম্ভব নয়। মিশর বিজয়ের পর আর্জেন্টিনার সতীর্থ হুলিয়ান আলভারেজ সাংবাদিকদের কাছে মেসির প্রশংসায় বলেন, ‘লিও-কে নিয়ে
বলার মতো শব্দ আর অবশিষ্ট নেই। এই বিশ্বকাপে তার পারফরম্যান্স অবিশ্বাস্য। আমরা শুধু চেষ্টা করি তাকে সাহায্য করতে, তার পাশে থাকতে এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করতে। সে ইতিহাসের সেরা খেলোয়াড়- এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
গোল্ডেন বুটের রেসে শীর্ষ পাঁচ
খেলোয়াড় গোল অ্যাসিস্ট সময়
লিওনেল মেসি (আর্জেন্টিনা) ৮ ১ ৪৬৮ মিনিট
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) ৭ ২ ৪৮২ মিনিট
আর্লিং হালান্দ (নরওয়ে) ৭ ০ ৪১৬ মিনিট
হ্যারি কেইন (ইংল্যান্ড) ৬ ১ ৪৮৯ মিনিট
উসমান দেম্বেলে (ফ্রান্স) ৪ ২ ৩৯১ মিনিট
