পিছু হটবে না ইরান, কড়া হুঁশিয়ার বার্তা গালিবাফের

পিছু হটবে না ইরান, কড়া হুঁশিয়ার বার্তা গালিবাফের

ফন্ট সাইজ:

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর ইরানের আলোচনা দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কড়া ভাষায় একটি পোস্টে লিখেছেন। তিনি বলেছেন, আমরা পিছু হটা বা আত্মসমর্পণ করার পাত্র নই। বুধবার (৮ জুলাই) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো উল্লেখ করে ইরানি পার্লামেন্টের স্পিকার যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে লিখেন, দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ, আপনারা কোথাও পৌঁছাতে পারবেন না।

হরমুজ প্রণালিতে ইরানের ওপর বিধি-নিষেধ আরোপ, নতুন করে সামরিক হামলার ক্রমাগত হুমকি, ইরানের দক্ষিণাঞ্চলে আক্রমণ, তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ এবং লেবাননে ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও হামলা’কে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ১৪ দফার সমঝোতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন গালিবাফ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সমাপ্তি হয়েছে। ন্যাটো সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি তাদের সঙ্গে আর কোনো চুক্তি করতে চাইনা, তারা নিকৃষ্ট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাংকারে হামলার জবাবে মঙ্গলবার (৭ জুলাই) ইরানের ওপর আবারও “শক্তিশালী” হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এনিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তারা ইরানের ওপর ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জেরে পাল্টা জবাব দিয়েছে ইরান। তেহরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডস করপস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও বিমানবাহিনী যৌথভাবে এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার ৮৫টি স্থানে হামলা চালিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন