২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার চিফ প্রসিকিউটরের নিজ কার্যালয়ে তিনি মানবজমিনকে বলেন, ২০১৩ সালে হেফাজতে ইসলামির কর্মসূচিকে কেন্দ্র করে শেখ হাসিনার নির্দেশে সারা দেশে যে হত্যাযজ্ঞে চালানো হয়েছে, সেই অভিযোগের তদন্ত প্রতিবেদনের খসড়া বর্তমানে যাচাই-বাছাইয়ের শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল হবে। অতঃপর তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) প্রস্তুত করে ট্রাইব্যুনালে দাখিল করবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, বর্তমানে ট্রাইব্যুনালের অবকাশকালীন ছুটি চলছে। আগামী ২১শে জুলাই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হলে তদন্ত প্রতিবেদন দাখিল সাপেক্ষে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, মামলায় সম্ভাব্য আসামির সংখ্যা ২৮ থেকে ৩০ জনের মধ্যে হতে পারে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, কয়েকটি বাহিনীর সাবেক প্রধান এবং কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তারাও আসামি হতে পারেন। তবে তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের আগে সম্ভাব্য আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সম্ভব নয়।
