হরমুজ এড়িয়ে লোহিত সাগরে তেল পরিবহন বাড়াতে পাইপলাইন সম্প্রসারণ পরিকল্পনা সৌদি আরবের

হরমুজ এড়িয়ে লোহিত সাগরে তেল পরিবহন বাড়াতে পাইপলাইন সম্প্রসারণ পরিকল্পনা সৌদি আরবের

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি এড়িয়ে আরও বেশি অপরিশোধিত তেল লোহিত সাগর উপকূলে পরিবহনের লক্ষ্যে পূর্ব-পশ্চিম (ইস্ট-ওয়েস্ট) তেল পাইপলাইনের সক্ষমতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে সৌদি আরব। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এই সম্প্রসারণ বাস্তবায়িত হলে শুধু সৌদি আরবই নয়, উপসাগরীয় অঞ্চলের কয়েকটি প্রতিবেশী দেশও হরমুজ প্রণালি ব্যবহার না করে বেশি পরিমাণ তেল রপ্তানির সুযোগ পেতে পারে।

১৯৮০-এর দশকের শুরুতে নির্মিত ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে পাইপলাইনটি প্রতিদিন সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পরিবহন করতে পারে। এর মধ্যে প্রায় ২০ লাখ ব্যারেল পশ্চিম উপকূলের শোধনাগারগুলোতে সরবরাহ করা হয় এবং বাকি ৫০ লাখ ব্যারেল রপ্তানি করা হয় বলে মে মাসে রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট জ্বালানি কোম্পানি আরামকো-এর প্রধান নির্বাহী জানান।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, পাইপলাইনের সক্ষমতা প্রতিদিন আরও ১০ থেকে ২০ লাখ ব্যারেল বাড়ানোর বিষয়ে সৌদি আরব প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে প্রাথমিক আলোচনা করছে। তবে এই সক্ষমতা বাড়াতে বিদ্যমান অবকাঠামো উন্নত করা হবে, নাকি নতুন পাইপলাইন নির্মাণ করা হবেÑতা এখনো স্পষ্ট নয়। একটি সূত্র জানিয়েছে, পরিকল্পনার অংশ হিসেবে পরিশোধিত জ্বালানি পরিবহনের জন্য অপেক্ষাকৃত ছোট একটি দ্বিতীয় পাইপলাইনও নির্মাণ করা হতে পারে।

কুয়েত, বাহরাইন ও কাতারের এমন কোনো বিকল্প রুট নেই, যা হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানির সুযোগ দেয়। অন্যদিকে, ইরাকের তুরস্কগামী পাইপলাইনটি দীর্ঘদিন ধরে বিরোধ ও বারবার বন্ধ থাকার কারণে পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে না। গত মাসে আটলান্টিক কাউন্সিল গ্লোবাল এনার্জি ফোরাম-এ কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের প্রধান নির্বাহী শেখ নাওয়াফ আল-সাবাহ বলেন, কুয়েতের তেল পরিবহনের সুযোগ বাড়াতে সৌদি আরব ও উপসাগরীয় অংশীদারদের সঙ্গে তাদের পাইপলাইন ব্যবস্থা কীভাবে সম্প্রসারণ করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করছি। দুটি সূত্র জানিয়েছে, সম্প্রসারণের সক্ষমতা প্রতিদিন ১০ থেকে ২০ লাখ ব্যারেল হতে পারে এবং পরিশোধিত জ্বালানিও এতে অন্তর্ভুক্ত হতে পারে। তবে আরেকটি সূত্রের মতে, এই প্রকল্প বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে, ব্যয় হবে কয়েক বিলিয়ন ডলার এবং সৌদি অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণের বর্তমান ব্যবস্থায়ও পরিবর্তন আনতে হবে।

ইরানের হরমুজ প্রণালি অবরোধের কারণে উপসাগরীয় দেশগুলোকে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাতে হয়েছিল, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতার পর আংশিকভাবে জাহাজ চলাচল শুরু হলেও যুদ্ধ-পূর্ব পর্যায়ে এখনো ফিরতে পারেনি। মে মাসে ইরাকের তেল উৎপাদন দৈনিক ৪৩ লাখ ব্যারেল থেকে কমে ১৫ লাখ ব্যারেলেরও নিচে নেমে আসে। মার্চে কুয়েত ফোর্স মাজ্যুর ঘোষণা করে এবং বাহরাইনের সিত্রা শোধনাগার কয়েক দফা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। লন্ডনভিত্তিক হার্ডক্যাসল অ্যাডভাইজরি-এর ব্যবস্থাপনা অংশীদার জায়েদ বেলবাগি বলেন, সৌদি আরব, কুয়েত ও কাতারকে ঘিরে নতুন পাইপলাইন করিডোর নিয়ে আলোচনা একটি বড় কৌশলগত বাস্তবতাকে সামনে এনেছে। সাম্প্রতিক সংঘাত দেখিয়ে দিয়েছে, শুধু হরমুজ প্রণালির ওপর নির্ভর করে থাকা কতটা ঝুঁকিপূর্ণ।

রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি এড়িয়ে উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহনের সক্ষমতা রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোর মধ্যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতই একমাত্র। দেশটি নতুন পশ্চিম-পূর্ব পাইপলাইনের অর্ধেক কাজ শেষ করেছে। আগামী বছর এটি চালু হলে ফুজাইরাহ পর্যন্ত অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা দ্বিগুণ হবে। বর্তমানে আবুধাবি থেকে ফুজাইরাহ পর্যন্ত বিদ্যমান পাইপলাইন দিয়ে প্রতিদিন ১৮ লাখ ব্যারেল পর্যন্ত তেল পরিবহন করা যায়। জ্বালানি খাতের এক সূত্রের ভাষ্য, সৌদি আরবের এই সম্প্রসারণ পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ-পরবর্তী সময়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগিতা তেল উৎপাদন বাড়ানোর দৌড়ে রূপ নিতে পারে। আর এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ সৃষ্টি হতে পারে।

Kazi

২ ঘন্টা আগে

Necessity is the mother of all inventions.
প্রয়োজন মানুষ কে নিত্য নতুন পথ আবিস্কার করতে উৎসাহিত করে। এটি অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত।

Kazi

২ ঘন্টা আগে

Necessity is the mother of all inventions.
প্রয়োজন মানুষ কে নিত্য নতুন পথ আবিস্কার করতে উৎসাহিত করে। এটি অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত।

মন্তব্য করুন