সেনাদের সঙ্গে খেলেন খাবার

আকস্মিক মহড়ায় মানিকগঞ্জে প্রধানমন্ত্রী

সেনাদের সঙ্গে খেলেন খাবার

ফন্ট সাইজ:

সকাল ৯টা ২০ মিনিট। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তীর্ণ এলাকার কিছু অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন। সিংগাইরের প্রধানমন্ত্রীর আগমনের খবর তখনো জানতেন না স্থানীয় বিএনপি তথা সিংগাইর উপজেলার মানুষ। এরপর যখন এলাকাবাসী শুনতে পান প্রধানমন্ত্রী তারেক রহমান সিংগাইরের মাটিতে পদার্পণ করেছেন তাৎক্ষণিক অসংখ্য মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েন। অনেকে স্লোগান দিতে থাকেন মানিকগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, সিংগাইরের মাটি তারেক রহমানের ঘাঁটি, তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে সময় কাটালেন। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (ঠবৎনধষ ঙৎফবৎ) মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ (জধরফ) মহড়া প্রত্যক্ষ করেন। এ ছাড়া যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুতকৃত রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। মাঠপর্যায়ে সেনাসদস্যদের সঙ্গে সরকারপ্রধান সময় কাটানোয় উপস্থিত সেনাসদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে সেনাসদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টক অব দ্য মানিকগঞ্জ: এদিকে এই প্রথমবারের মতো মানিকগঞ্জের সিংগাইরে তারেক রহমানের পদার্পণকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলাবাসীর মধ্যে এক ধরনের উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে তারেক রহমানকে দেখার জন্য রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়েন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা সংরক্ষিত হওয়ায় নেতৃবৃন্দ রাস্তার ধারে অবস্থান নেন। কখন প্রধানমন্ত্রীকে এক নজর দেখবেন সে অপেক্ষায় বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন অসংখ্য মানুষ। তারেক রহমানের আগমন তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থাৎ নেট দুনিয়ায় চাউর হয়ে পড়ে। সকাল থেকে দিনভর সিংগাইর উপজেলার অলিগলি, রাস্তাঘাট, পাড়া-মহল্লা, চায়ের দোকান থেকে শুরু করেই সর্বত্রই আলোচনা ছিল তারেক রহমানের সিংগাইর আগমনকে ঘিরে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন